সাজেকের নতুনপাড়ায় ফোনে কথা বলার সময় গৃহবধূকে গুলি

Published: November 9, 2026, 6:55 am

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত অরুণা চাকমা ওই এলাকার বাসিন্দা ইন্টন চাকমার স্ত্রী।

হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন অরুণা জানান, ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক না থাকায় তিনি কথা বলার জন্য রাতে বাড়ির উঠানে বেরিয়েছিলেন। মাচাংঘরে বসে কথা বলার সময় হঠাৎ কে বা কারা তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। রাতের অন্ধকারে দুর্বৃত্তদের কাউকেই তিনি দেখতে পাননি। গুলির শব্দ শুনে প্রতিবেশী কল্পনা চাকমাসহ অন্যরা এগিয়ে এসে অরুণা চাকমাকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শরীরের দুটি স্থানে গুলির আঘাত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কারাগারে রয়েছেন। অরুণা চাকমা কৃষিশ্রমিক হিসেবে কাজ করে দুই কন্যাসন্তানকে নিয়ে সংসার চালাতেন। ঘটনার সময় তাঁর দুই সন্তান (১১ বছর ও সাড়ে তিন বছর বয়সী) ঘরে ঘুমিয়ে ছিল।

সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা জানান, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি রাঙামাটির বাঘাইছড়ি ও খাগড়াছড়ির দীঘিনালার কবখালীর সীমান্তবর্তী এলাকা। কারা এই গুলির ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো জানা যায়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo