পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়ার বিশেষ কার্গো বিমানে করে জ্বালানির এই চালানটি শুক্রবার দুপুরের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি অত্যন্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। এই বিমানটি যে সকল দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগেই প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। মূলত পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় পূর্বনির্ধারিত বৃহস্পতিবারের ফ্লাইটটি বাতিল করতে হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাশিয়া ও বাংলাদেশ উভয় পক্ষই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার বিমানটি পৌঁছানোর পর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম) জানিয়েছে, অক্টোবর থেকে শুরু করে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পুরো জ্বালানি সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের।





