দেশে অরাজকতা ও সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ করার একটি অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আর্থিক খাতের চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার। আওয়ামী লীগ ঘনিষ্ঠরা লুটপাটের উদ্দেশ্যে যেসব ঋণ নিয়েছিল, তার দায় এখন বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে দাবি করে তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা লুটপাটের অর্থ বিদেশের ক্যাসিনোতে ব্যয় করেছে। সেই অবৈধ অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে অরাজকতা ও সন্ত্রাস রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।





