সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের পবিত্র মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা। একই সঙ্গে তারা নিহতের যথাযথ দাফন-কাফন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের নিজ বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খেলাফত আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে নেতারা রিয়াদ বিমানবন্দরের মর্মান্তিক ওই ঘটনায় নিহতদের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং আহতদের সুচিকিৎসার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নেতাদের কথা মনোযোগ সহকারে শোনার পর ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ তাদের দাবির প্রতি পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেন। তিনি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।





