রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

Published: October 13, 2026, 10:32 am

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ২০ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলায় কারাদণ্ড পাওয়া রাজউকের অন্য সাবেক কর্মকর্তারা হলেন—সংস্থাটির সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক এবং মো. রেজাউল করিম তরফদার। এ ছাড়া আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজকে একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

রায়ে বলা হয়, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রাজউকের ৬ কর্মকর্তা এবং ব্যবসায়ী শওকত আজিজ ও আশফাক আজিজকে দুটি পৃথক ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উভয় ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আসামিদের আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারার দায় থেকে খালাস দিয়েছেন আদালত।

আদালত আদেশে স্পষ্ট উল্লেখ করেছেন যে আসামিদের উভয় ধারার সাজা একই সঙ্গে চলবে এবং তাদের পূর্বে কাটানো হাজতবাস মূল দণ্ডাদেশ থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি আসামি শওকত আজিজ ও আশফাক আজিজের নামে অবৈধভাবে বরাদ্দকৃত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ৪০৫ নম্বর রোডের ০১১ ও ০১৩ নম্বর দুটি প্লটের (মোট ২০ কাঠা) বরাদ্দ বাতিল করে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট নিয়মবহির্ভূতভাবে বরাদ্দ নেওয়া ও দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে এ মামলা করেছিলেন। এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে অবৈধভাবে প্লট দুটি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন করেন। পরবর্তীতে সংস্থাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে এবং আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষে মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin