তারেককে সফরসঙ্গী করা নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

Published: October 28, 2026, 12:30 pm

জাপান সফরকালে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে সঙ্গে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমালোচনা ও ট্রল চলছে, তার কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে খুব আশ্চর্য লাগল, আমাদের সাথে তারেককে নিয়ে এসেছি এবার—আমজনতার তারেক। গত দুই-তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে দেখলাম অনেক কথা! যেমন—ওর কোনো অবদান নেই, ওকে নিয়ে এসে এখানে সরকারের পয়সা নষ্ট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি।’

তিনি আরও বলেন, দেশে সাধারণ মানুষের জীবনমান ও জীবিকার বহু সংকট থাকা সত্ত্বেও সেসব জরুরি বিষয় বাদ দিয়ে অহেতুক আলোচনা ও কুৎসা রটনায় সময় নষ্ট করা হচ্ছে। দেশের বিরাজমান বাস্তব সংকটগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে এত সমস্যা আছে, সেগুলো নিয়ে কোনো আলাপ দেখি না। অথচ সংস্কার অনেক ধরনেরই হতে পারে। এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারও যেমন সংস্কার, তেমনি মেহনতি ও খেটে খাওয়া মানুষের জীবনকে একটু উন্নত করার সংস্কারও কিন্তু বড় সংস্কার।’

উল্লেখ্য, জাপান যাওয়ার আগে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান নিজের অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে জাপানের পথে। শুকরিয়া মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাইকে।’

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৮: ২০আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮: ২৩

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh