নিউইয়র্কে এরদোগান ও জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Published: September 23, 2026, 3:01 am

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কের তুর্কি হাউসে আয়োজিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বহুমাত্রিক ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুই দেশের নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একই দিনে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। বারহাম সালিহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin