ধর্ম, বর্ণ, শ্রেণি-পেশা কিংবা সম্প্রদায় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় দেশের সব নাগরিকের সমান অধিকারের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্ম, বর্ণ বা পরিচয় কোনো কিছুই মানুষের অধিকার ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এ সময় তিনি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তার সর্বোচ্চটুকু করার চেষ্টা করা হবে এবং তাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি ছুটি বৃদ্ধি করায় সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তারা উল্লেখ করেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বহুগুণ বেড়ে গেছে। এ সময় তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনেরও আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে এবং কঠিন চীবর দান উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি দেশের সব নাগরিকের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও এ সময় প্রধানমন্ত্রীকে তাদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানান।





