রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঢাকার গণপরিবহন খাতের বিদ্যমান বিশৃঙ্খলা নিরসন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। বৈঠকে সংশ্লিষ্টরা ঢাকার পরিবহন খাতের বর্তমান সংকট উত্তরণে বিভিন্ন প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।





