পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির মাওলানা আহমদ বাটলা

Published: November 21, 2026, 8:05 am

পাকিস্তান তাবলিগ জামাত তাদের নতুন আমির হিসেবে মাওলানা আহমদ বাটলাকে দায়িত্ব প্রদান করেছে। সংগঠনটির সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের শীর্ষ মুরব্বিদের পরামর্শের ভিত্তিতে তাকে এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়। এর আগে দীর্ঘদিন তিনি সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে মাওলানা আহমদ বাটলার নতুন আমির হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে।

গত ১৬ নভেম্বর ২০২৬ সালে ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তাবলিগ জামাত পাকিস্তানের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। ২০১৮ সালের নভেম্বরে হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর তিনি সংগঠনটির চতুর্থ আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রায় আট বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন।

নতুন আমির মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত তাবলিগ জামাতের একজন জ্যেষ্ঠ মুরব্বি। তিনি বিশ্ব শূরার সদস্য হিসেবেও পরিচিত এবং দীর্ঘদিন ধরে পাকিস্তান তাবলিগের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ইলমি অঙ্গনে 'শায়খুল হাদিস' হিসেবে পরিচিত এই আলেম তার বয়ান ও আলোচনায় দীনের দাওয়াত, আত্মশুদ্ধি এবং আমলের ওপর বিশেষ গুরুত্বারোপ করে থাকেন।

এর আগেও তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের মৃত্যুর পর তার ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বরের অসিয়তনামা অনুযায়ী, পরবর্তী নেতৃত্বের জন্য মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ—এই তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। সেই সময় মুরব্বিদের পরামর্শে মাওলানা নজরুর রহমান আমির হন এবং মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি রায়বেন্ডে আয়োজিত ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় আসরের নামাজের পর মাওলানা আহমদ বাটলা প্রথম বয়ানটি করেন। সেই বয়ানে তিনি তওবার গুরুত্ব তুলে ধরে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh