নিরাপত্তা ঝুঁকির কারণে নতুন একটি এআই মডেল গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা বিভাগের প্রধান সাচি জৈন জানিয়েছেন, নতুন মডেলটি নির্ধারিত পরিধি ও অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং কাজের বিবরণ ব্যবহারকারীকে জানানোর ক্ষেত্রে প্রত্যাশিত মান অর্জন করতে পারেনি। সাধারণ ব্যবহারকারীদের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক সময়ে উন্নত এআই মডেলগুলোর অনিয়ন্ত্রিত আচরণ প্রযুক্তি বিশ্বের শীর্ষ কর্মকর্তাদের কপালে ভাঁজ ফেলেছে। ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিক প্রধান দারিও আমোদেই প্রযুক্তিটির দ্রুতগতির বিকাশ ধীর করার আহ্বান জানিয়েছেন। তবে ভিন্নমত পোষণ করেছেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং। তিনি সরকারি কঠোর নিয়ন্ত্রণের দাবি প্রত্যাখ্যান করে এটিকে প্রযুক্তিগত সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে ফ্রান্স সফররত পোপ লিও চতুর্দশ এই প্রযুক্তির ঝুঁকি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে এআই নিয়ন্ত্রণ বিষয়ে এক বৈঠকে মিলিত হবেন। যদিও অতীতে ডনাল্ড ট্রাম্প এআই ঝুঁকির বিষয়টিকে খুব একটা বড় করে দেখতে রাজি হননি।





