হুথিদের হামলায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চড়া তেলের বাজার

Published: October 23, 2026, 5:45 am

সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগের প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে, যার ফলে দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বাজারের তথ্য অনুযায়ী, শুক্রবার এশিয়ার প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ২ শতাংশ কমে ১১২ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে নেমেছে। তবে শুক্রবারের এই সামান্য দরপতন সত্ত্বেও ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির পথে রয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআই গত তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক পতনের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ বেড়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের এই মানদণ্ডের তেলের দাম মে মাসের শুরুর পর সর্বোচ্চ সমাপনী পর্যায়ে পৌঁছায়। মূলত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহের ওপর হামলার সম্ভাব্য প্রভাবের দিকে গভীর নজর রাখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy