রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত—অর্থাৎ গত ১২ দিনে সারা দেশে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ১৮টি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যে আরও জানা যায়, এই ১২ দিনে পুলিশের তিনটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিস্ফোরণে একটি পুলিশ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোশাকশ্রমিকদের বিক্ষোভ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতাকে কেন্দ্র করে এসব নাশকতার ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে মোট কতটি মামলা হয়েছে, সে বিষয়ে পুলিশ সদর দপ্তর পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি।
ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের জন্য গণপরিবহনে আগুন, ককটেল বিস্ফোরণ এবং বাহিনীর স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাগুলো বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি, টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মতো কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও দলগুলো যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





