রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

Published: September 29, 2026, 3:45 am

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার রাখাইনের কিয়াউকতাও শহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে অঞ্চলটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, কিয়াউকতাও শহরটি মূলত সংঘাতপূর্ণ এলাকা থেকে বেশ দূরে অবস্থিত। ফলে হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থানটির সঙ্গে চলমান সংঘাতের সরাসরি কোনো সম্পর্ক নেই। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। দেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।

রয়টার্স জানিয়েছে, কিয়াউকতাওয়ে চালানো এই বিমান হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় মন্তব্য জানতে মিয়ানমার সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে মিয়ানমার সরকার এর আগে দাবি করেছিল যে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে তাদের সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সংযম’ অবলম্বন করে থাকে।

আরাকান আর্মি ও ওয়াই হুন অংয়ের দাবি অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাখাইনের একটি হাসপাতালে চালানো বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর কিয়াউকতাওয়ের এই হামলাটি রাখাইন রাজ্যে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলাগুলোর একটি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy