জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে জানান, ঘটনাস্থলের ছবি এবং পুরোনো সংযোগ দেখে এটি শর্টসার্কিটজনিত দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও দায়ের করা মামলার এজাহারের তথ্যে বড় ধরনের বৈপরিত্য উঠে এসেছে।
অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিজিবির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষক ও ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা। তাদের মতে, অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ বিজিবির কাজের পরিধি ও 'রুলস অব বিজনেস'-এর আওতাভুক্ত নয়। কারিগরি ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকা সত্ত্বেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চূড়ান্ত প্রতিবেদনের আগেই সংসদে বিজিবির প্রাথমিক পর্যবেক্ষণ উপস্থাপন কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান জানান, এ ধরনের ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের বিশেষ জনবল রয়েছে এবং তাদের মাধ্যমেই তদন্ত করানো উচিত। নিজস্ব এখতিয়ারের বাইরে অন্য সংস্থার বক্তব্য দেওয়া পেশাদারিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক পরিচালক মন্তব্য করেন, ফায়ার সার্ভিস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হওয়ায় মন্ত্রীর নির্দেশে তারা দ্রুতই প্রতিবেদন দিতে পারত। কিন্তু কোনো কোনো সংস্থার আগাম বক্তব্য দেওয়া কাম্য নয়।
এদিকে কারিগরি পর্যবেক্ষণের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছে নিজ সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক। সাংবাদিকদের তিনি জানান, ঘটনার রাতেই তারা বাড়িটি পরিদর্শন করেন। সেখানে বৈদ্যুতিক মিটার ও সরবরাহকারী ট্রান্সফরমারটির সার্কিট ফিউজ সম্পূর্ণ অক্ষত পাওয়া গেছে। শর্টসার্কিট হলে মিটার বা ফিউজ পুড়ে যাওয়ার কথা ছিল। ফলে তাদের দৃষ্টিতে শর্টসার্কিটের কোনো সুযোগ নেই, আগুন অন্য কোনো কারণে লেগেছে।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাটিকে দুর্ঘটনাকবলিত শর্টসার্কিট হিসেবে ইঙ্গিত দিলেও কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রেকর্ড করেছে। গত বৃহস্পতিবার রাতে এমপি নুসরাত তাবাসসুমের দায়ের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
নুসরাত তাবাসসুমের এজাহারে বলা হয়, গত বুধবার রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এরপর বসতঘর, উঠান ও আশপাশে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এজাহারে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে আসামিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে আসছিল এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটিয়ে তার বাবা-মাকে পুড়িয়ে মারার চেষ্টা চালানো হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন যুক্ত করা হয়েছে।
আইন বিশেষজ্ঞ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের সঙ্গে পুলিশের এজাহারের স্পষ্ট বিরোধ তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিআইজি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এটি দুর্ঘটনা হিসেবে তুলে ধরা হলেও মামলায় বিস্ফোরক আইন যুক্ত হওয়ায় তদন্তের স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে। অভিযোগপত্র দাখিলের সময় আসামিরা আদালতে এই বক্তব্যের সুযোগ নিতে পারে। সাবেক এক অতিরিক্ত আইজিপি উল্লেখ করেন, ঘটনা তদন্তাধীন বলার পাশাপাশি দুবার শর্টসার্কিটের কথা জোর দেওয়ায় তদন্ত সংস্থার ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
অপরাধ বিশ্লেষকদের মতে, পেট্রোলবোমার আলামত না পাওয়া গেলেও অন্য কোনো দাহ্য পদার্থ বা বাইর থেকে কিছু নিক্ষেপ করা হয়েছে কিনা, তা রাসায়নিক ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এমপি নুসরাত অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের পানি ব্যবহারে অনেক আলামত নষ্ট হয়েছে এবং ফরেনসিক দল পৌঁছাতে প্রায় ১৩ ঘণ্টা দেরি করেছে।
জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও বিষয়টি তুলে ধরে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে বস্তু নিক্ষেপের পরপরই আগুন জ্বলতে দেখা গেছে। পাশাপাশি ঘটনার আগে নুসরাতকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল, যা নিয়ে জিডিও করা ছিল। ফলে দাহ্য পদার্থ নিক্ষেপের বিষয়টি গুরত্বসহকারে তদন্তের দাবি জানান তিনি। তবে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি পুলিশও নিরপেক্ষভাবে মামলার তদন্ত চালাচ্ছে এবং কারোর দ্বারা প্রভাবিত না হয়ে আসল রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৮: ৪৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৯: ০০





