বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বে চতুর্থ অবস্থানে ঢাকা

Published: November 14, 2026, 2:36 am

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার (১৪ নভেম্বর) চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচকে স্কোর ছিল ১৯৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার স্কোর ২২৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যাদের স্কোরও ২২৭। তালিকায় তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ২০৬। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে চীনের বেইজিং শহর, যার স্কোর ১৬৫ এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুমান নিয়ে তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে গণ্য হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh