প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ, লজ্জা ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শনিবার দুপুরে কুবি সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের সানন্দা এলাকায় অপ্রতিমের লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ঘটনাস্থল পরিদর্শনকালে আবেগপ্রবণ হয়ে মনিরুল হক চৌধুরী বলেন, 'আমি ক্ষমাপ্রার্থী, এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি লজ্জিত ও অনুতপ্ত। আমাদের জাতির ইতিহাসে ঘটে যাওয়া অন্যতম লজ্জাজনক ও কলঙ্কজনক ঘটনাগুলোর মধ্যে এটি একটি।' অপ্রতিমের শোকার্ত মায়ের সামনে দাঁড়িয়ে তিনি প্রশ্ন রাখেন, 'আমরা কি আমাদের নিষ্পাপ মাসুম বাচ্চাদের রক্ষা করতে পারছি না? একজন মানুষ হিসেবে এতটুকু ছোট বাচ্চার এমন মর্মান্তিক পরিণতি সহ্য করা অত্যন্ত কঠিন।'
তিনি আরও বলেন, সামান্য একটি আইফোনের লোভে একজন মানুষকে এভাবে হত্যা করা হতে পারে, তা ভাবতেও গা শিউরে ওঠে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এই ঘটনায় গভীরভাবে লজ্জিত বলে জানান। এমপি মনিরুল হক চৌধুরী দৃঢ়তার সাথে আশ্বাস দিয়ে বলেন, আগামী তিন মাসের মধ্যে যেন এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারকাজ সম্পন্ন হয়, তিনি সেই ব্যবস্থা নিশ্চিত করবেন।
একই সাথে কিশোর অপরাধ ও গ্যাং কালচার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, তার নিজের মেয়েরাও বিদেশ থেকে ফোন করে কান্নাকাটি করে এই ঘটনার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং নিজ এলাকায় এমন ঘটনা কেন ঘটল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে।





