প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অনুমতি পেলেন মোহাম্মদ রিজওয়ান

Published: October 18, 2026, 8:00 am

অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত তদন্তের কারণে দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর অবশেষে মাঠে ফেরার সুযোগ পেলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডের ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, তিনি সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবেই ফিরছেন।

রিজওয়ানের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন এসএনজিপিএলের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই তার খেলার পথ উন্মুক্ত হয়েছে। তবে রিজওয়ানের বিরুদ্ধে চলমান তদন্তের কোনো সুরাহা হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গত মাসের মাঝামাঝি সময়ে ইংল্যান্ড সফর শেষ হওয়ার পর থেকেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তার বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করে। এর ফলে আট দলের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর আগে ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর রিজওয়ান এসএনজিপিএলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং অধিনায়ক শান মাসুদের অনুপস্থিতিতে তার নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু পিসিবি কর্তৃপক্ষ তদন্ত চলমান থাকার অজুহাতে তাকে না খেলানোর নির্দেশনা দিয়েছিল।

সম্প্রতি রিজওয়ান ও পিসিবির মধ্যে যোগাযোগ পুনরায় শুরু হয়। তবে প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতির পাশাপাশি তিনি নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন এবং একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার চুক্তিও চূড়ান্ত হয়েছে। এসএনজিপিএল কর্তৃপক্ষও তাকে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে খেলার অনুরোধ জানায়। যদিও ঘরোয়া ক্রিকেটে ফেরার ছাড়পত্র মিলেছে, কিন্তু নেপাল প্রিমিয়ার লিগের এনওসি এখনো পাননি তিনি। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্টস ট্রফি শেষ হওয়ার পরই পিসিবি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। পাকিস্তানে ঘরোয়া মৌসুম চলাকালে সাধারণত বিদেশি লিগে খেলার অনুমতি দিতে বোর্ড অনাগ্রহী হওয়ায় তার নেপালে যাওয়ার বিষয়টি এখনো ঝুলে আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo