কুমিল্লায় ২০ ঘণ্টা ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম

Published: September 19, 2026, 6:45 am

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী গত শুক্রবার বিকেল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে আর ফেরেনি। নিখোঁজ অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার উচ্চতা প্রায় ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, অপ্রতিম বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য তার মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বেরিয়েছিল। লোকেশন ট্র্যাকিং অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় শনাক্ত করা গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ হওয়ার পর থেকে অপ্রতিমের মা ড. নাহিদা বেগম, পরিবারের অন্যান্য সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসন তাকে উদ্ধারের জন্য হন্যে হয়ে খুঁজছেন। ড. নাহিদা বেগম বলেন, 'আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। আপনারা দয়া করে আমার ছেলেকে খুঁজে পেতে চেষ্টা করেন।'

অপ্রতিমের পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা শাহরিয়ারের সঙ্গে ০১৭১৯-৬২৫৬৯০ নম্বরে অথবা মা ড. নাহিদা বেগমের সঙ্গে ০১৭১৯-৯০০৭৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy