জনগণের সেবায় জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর

Published: October 2, 2026, 1:48 pm

জনগণের নির্বাচিত সরকার হিসেবে দায়বদ্ধতা নিশ্চিত করে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত অধিদপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক এক আলোচনা সভায় তারা এই প্রতিশ্রুতি দেন।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান বলেন, বর্তমান সরকার গঠনমূলক সমালোচনা শুনতে সবসময় প্রস্তুত। সরকারি কাজে কোনো ধরনের ভুল পরিলক্ষিত হলে তা ধরিয়ে দিলে সরকার তা সংশোধনের উদ্যোগ নেবে। তবে তিনি মিথ্যা তথ্য বা অপপ্রচারের মাধ্যমে সমালোচনা না করার আহ্বান জানান। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। দেশের মানুষের কল্যাণ এবং বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সম্মানজনক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সীমিত সম্পদ সত্ত্বেও কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে জনসেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমকে কেবল উন্নয়ন প্রকল্পনির্ভর না রেখে মাঠপর্যায়ের মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি বিদ্যমান অবকাঠামো রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়ে বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন। প্রতিমন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলাদা তহবিল ও প্রয়োজনীয় বরাদ্দ থাকা জরুরি। এছাড়া বড় শহরগুলোতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং ছোট পৌরসভা ও উপজেলায় সাশ্রয়ী বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানির সরবরাহ বাড়িয়ে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর বিষয়েও আলোকপাত করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো: শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: জামানুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin