কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

Published: October 18, 2026, 4:00 am

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি পূজামণ্ডপে পদদলিত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে চোরবাজার সর্বজনীন পূজামণ্ডপে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৪ জন নারী ও একটি শিশু রয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের পক্ষ থেকে এই পূজামণ্ডপটিকে এ বছর তিনটি ‘সেরার সেরা’ পূজামণ্ডপের একটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ঘটনার সময় হুট করে বৃষ্টি শুরু হলে পূজামণ্ডপের ভেতরে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ আশ্রয় নেন। বৃষ্টির কারণে ভিড় বাড়তে থাকায় এক পর্যায়ে সেখানে চরম চাপাচাপি পরিস্থিতির সৃষ্টি হয় এবং পদদলনের ঘটনা ঘটে। এতে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন এবং হাসপাতালে নেওয়ার পর মোট ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।

উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে জনসমাগম নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকি প্রয়োজনীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকেরও অভাব ছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার পরপরই হাসপাতালে গিয়ে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তিনি পূজামণ্ডপ কমিটির একটি ঘোষণার কারণে এই পদদলনের সূত্রপাত হয়েছে বলে উল্লেখ করেন এবং এ ঘটনার জন্য আয়োজক কমিটিকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী অন্য সব পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ২৫ জন আহত ব্যক্তি ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই সুস্থ আছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা ও ডি-গ্রেডের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া আহতদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin