কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি ও সমাবেশ

Published: November 8, 2026, 8:46 am

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ব্যাপক কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার সকালে উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রায় ৫০ কিলোমিটার পথ অতিক্রম করার পর র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি। অনুষ্ঠানে উদ্বোধনী অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইজুদ্দিন আহমেদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh