জয়পুরহাটের কালাই উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে একাধিক দর্শক তাঁদের মুঠোফোন খুইয়েছেন। শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি পাড় এলাকায় চুরির এ ঘটনা ঘটে। দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে একটি চোর ও পকেটমার চক্র পকেট ও ব্যাগ থেকে এসব মুঠোফোন হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির শুটিং কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় নান্দাইল দীঘি এলাকায় উৎসুক জনতার সমাগম হতে থাকে। দিনভর সেখানে অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষের ভিড় জমে। বিকেলের পর সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশদ্বারে দর্শকদের উপচে পড়া ভিড় তৈরি হয়। ঠিক সেই সুযোগেই ভিড়ের মধ্যে ঢুকে চোর চক্র দর্শনার্থীদের পকেট ও ব্যাগ থেকে মোবাইল চুরি করতে থাকে।
অনুষ্ঠান শেষে মুঠোফোন হারানো অন্তত ১০ জন দর্শকের সঙ্গে কথা জানা যায় তাঁদের ভোগান্তির কথা। তাঁদেরই একজন দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে আসা সারোয়ার জাহান জানান, সন্ধ্যার দিকে লাইনে দাঁড়িয়ে যখন তিনি ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন, তার পরপরই পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল ফোনটি আর নেই। এ ঘটনায় কতটি মুঠোফোন চুরি হয়েছে তার সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। তবে আটকের সময় তাঁর কাছে খোয়া যাওয়া কোনো মুঠোফোন পাওয়া যায়নি।
অথচ অনুষ্ঠানটি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহায়তায় আড়াই শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং স্থানীয় ১০০ জন স্বেচ্ছাসেবক মাঠের সার্বিক নিরাপত্তায় কাজ করেন। এত কড়া নিরাপত্তার পরও চুরির ঘটনাটি ঘটে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ‘ইত্যাদি’র অনুষ্ঠান দেখতে এসে বেশ কয়েকজন দর্শকের মুঠোফোন চুরির ঘটনা ঘটেছে। তবে চোর চক্র কতটি ফোন নিয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা এখনো স্পষ্ট নয়। ভুক্তভোগীদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে থানায় আসার পরমর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





