জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় জড়িত তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গত মাসে সংঘটিত ওই সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত এবং ২৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৩ অক্টোবর জর্ডানের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা অতর্কিতে গুলি চালায়। হামলার পরপরই তিন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের মধ্যে দুজন আপন ভাই এবং অন্যজন তাদের আত্মীয়। ঘটনার তিন দিন পর তাদের গ্রেপ্তার করে কর্তৃপক্ষ।
আদালতের রায়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এই হামলার ঘটনাটি দেশটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। উল্লেখ্য, জর্ডানের মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান ধর্মাবলম্বী।
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৪: ৪৭





