অপরাধ দমনে কোনো ‘ক্লিন হার্ট’ নয়, বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান

Published: October 1, 2026, 6:32 am

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেছেন যে, অপরাধ দমনে সরকার কোনো 'অপারেশন ক্লিন হার্ট' পরিচালনার পরিকল্পনা করছে না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম একটি নিয়মিত প্রক্রিয়া, যা সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক নিরসনে প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কেবল প্রত্যাহার নয়, বরং তাদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় আইনি ব্যবস্থা এবং ক্রিমিনাল অফেন্স মামলা দায়ের করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

আনসার বাহিনীর কার্যক্রম ও জনবলের বিষয়ে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসার রয়েছেন। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লক্ষ প্রশিক্ষিত জনশক্তি কাজ করছে, যা নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের সর্ববৃহৎ ফোর্স। আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে ঢাকার আশুলিয়া এবং শেরেবাংলা নগরে অতিরিক্ত সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর অবদানের প্রশংসা করে তাদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবি-দাওয়া পূরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিশ্বাস করে না যে ডিসেম্বরে কোনো অপশক্তি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারবে।

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১১: ৫১আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১২: ২৪

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh