যাত্রাবাড়ী চৌরাস্তায় মধ্যরাতে একাধিক ককটেল বিস্ফোরণ

Published: November 8, 2026, 2:55 am

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের ছোঁড়া একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন। তবে বিস্ফোরণের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় হঠাৎ করেই দফায় দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া এক ভিডিওচিত্রে হেলমেট পরা এক ব্যক্তিকে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।

ঘটনার বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনার বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh