মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

Published: October 2, 2026, 2:56 pm

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার এক বিবৃতিতে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যান্য সাধারণ যাত্রীদের মতো হয়রানি ও ভোগান্তির শিকার হন আখতারুজ্জামান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানিয়েছিলেন। এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী হয়রানি ও লাগেজ সংক্রান্ত অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছিল। পুলিশও ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে তদন্তের আশ্বাস দিয়েছিল। অথচ সেই তদন্ত শেষ হওয়ার আগেই উদ্দেশ্যমূলকভাবে গত রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে জামায়াত নেতা আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় বসিয়ে রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানো, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তিসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার দাবি জানান, মেজর (অব.) আখতারুজ্জামানসহ সকল ভুক্তভোগী যাত্রীর ভোগান্তির বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরে সেবার মান নিশ্চিত ও কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin