ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপের ফলাফল গভীর রাতে নাটকীয় মোড় নিয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী শিবিরের এগিয়ে থাকার আভাস পাওয়া গেলেও পরবর্তী সময়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট ঘুরে দাঁড়িয়েছে। আল জাজিরার বরাতে চ্যানেল টুয়েলভের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫২টি এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসনে জয়লাভ করেছে। এছাড়া আরব লিস্ট পেয়েছে ১৯টি আসন। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা হিসেবে ৬১টি আসন প্রয়োজন, যা কোনো পক্ষই নিশ্চিত করতে পারছে না।
আরব দলগুলো নেতানিয়াহুর ঘোর বিরোধী হওয়ায় লিকুদের আসন সংখ্যা বাড়লেও নেতানিয়াহুর পক্ষে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একইভাবে আরব দলগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া আইজেনকোটের জোটের পক্ষেও সরকার গঠন করা কঠিন। তবে কান ইলেভেন এবং চ্যানেল থার্টিনের ভিন্ন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নেতানিয়াহু এবং আইজেনকোট উভয় পক্ষই ৫১টি করে আসন পেয়েছে।
একক দল হিসেবে লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে, যা আগের অনুমানের চেয়ে বেশি। অন্যদিকে আইজেনকোটের দল ‘ইয়াশার’ পেয়েছে ২১টি আসন। কান ইলেভেনের হিসাব অনুযায়ী, লিকুদ দুটি আসন বাড়ালেও তাদের মিত্র উগ্র ডানপন্থী ওতজমা ইয়েহুদিত একটি আসন হারিয়ে ৬টিতে নেমেছে। বিরোধী শিবিরের বামপন্থী ডেমোক্র্যাট দলও একটি আসন হারিয়ে ৯টিতে নেমেছে।
জরিপের এই ফলে জেরুজালেমে লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। শীর্ষ নেতাদের আগমনে কর্মীরা উল্লাস প্রকাশ করেন। জ্বালানিমন্ত্রী এলি কোহেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আমিচাই চিকলি কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অন্যদিকে বিরোধী নেতা গাদি আইজেনকোট সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেন, দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আইজেনকোটের সরকার সামরিক সেবা বাধ্যতামূলক করা এবং হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে উভয় নেতা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সরকার গঠনের ম্যান্ডেট চাইবেন বলে ধারণা করা হচ্ছে। সমঝোতা না হলে ইসরায়েলকে আবারও নতুন নির্বাচনের দিকেই যেতে হতে পারে।





