মধ্যপ্রাচ্য থেকে মার্কিন রণতরি সরাতে নতুন কৌশল ইরানের

Published: October 17, 2026, 7:30 am

ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এমন কিছু নতুন কর্মপরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে মার্কিন রণতরিগুলোকে মধ্যপ্রাচ্য থেকে আরও দূরে সরে যেতে বাধ্য করবে। এ তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার এক সাক্ষাৎকারে আকরামিনিয়া দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগত জলপথ হরমুজ প্রণালির ওপর নিজের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও, সেখানে আসার সাহস পায় না মার্কিন বাহিনী। তিনি জানান, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে মার্কিন যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে এবং বর্তমানে ওমান সাগরে কোনো মার্কিন রণতরি নেই।

ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণেই মার্কিন বাহিনী ৫০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করতে বাধ্য হচ্ছে বলে তিনি জোর দিয়ে বলেন। আকরামিনিয়া জানান, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশ মেরামত করে সচল করা হয়েছে। পাশাপাশি নতুন সরঞ্জাম সংযোজন এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়ন করা হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh