ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের লড়াইয়ে বড় ধরনের হোঁচট খেলেন জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার নিজের দেশ সুইজারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) তার প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। চলতি বছরের জুনে সমর্থন দিলেও মাত্র কয়েক মাসের ব্যবধানে সংস্থাটি তাদের অবস্থান পরিবর্তন করল।
এসএফভির কেন্দ্রীয় কমিটি চলতি সপ্তাহে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ২০২৬ সালের জুন মাসে জিয়ান্নি ইনফান্তিনোর পরবর্তী মেয়াদে ফিফা সভাপতি হওয়ার প্রার্থিতার প্রতি যে সমর্থন ঘোষণা করা হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এসএফভি জানিয়েছে, গত কয়েক মাসের ঘটনাপ্রবাহ বিস্তারিত পর্যালোচনা করেই তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সংস্থাটির মতে, সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ফিফার নেতৃত্ব, সুশাসন, স্বচ্ছতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে মৌলিক প্রশ্নের জন্ম দিয়েছে। এসএফভি সভাপতি পিটার ক্নাবেল বলেন, এই প্রস্তাবের পটভূমি, দায়িত্ব বণ্টন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
ইনফান্তিনোর জন্য এটি প্রথম ধাক্কা নয়। জুলাই মাসে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন। তিন মহাদেশীয় কনফেডারেশনের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাতিল করতে বাধ্য হন তিনি। এই ঘটনার পর ৩০শে জুলাই সবার আগে ফিনল্যান্ড ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে। এরপর একে একে ওয়েলস, সার্বিয়া, ইংল্যান্ড, ইতালি (এফআইজিসি) এবং সর্বশেষ ১০ই সেপ্টেম্বর ফ্রান্সও সমর্থন প্রত্যাহার করে নেয়। ফরাসি ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে জানায়, ফিফার সুশাসন ও সভাপতির কর্মকাণ্ড ফুটবলের ঐক্য ও ভাবমূর্তিতে গুরুতর আঘাত হেনেছে।
এদিকে উয়েফাও ইনফান্তিনোর ওপর চাপ বাড়িয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এক চিঠিতে সন্দেহ প্রকাশ করেছে যে, ইনফান্তিনো ও তার ব্যবসায়িক অংশীদাররা প্রমাণ নষ্ট করার চেষ্টা করছেন কি না। তবে সব জায়গা থেকে তিনি সমর্থন হারাচ্ছেন না। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা বেসরকারি বিনিয়োগ প্রস্তাবের বিরোধিতা করলেও, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইনফান্তিনোর পক্ষে সমর্থন জানিয়েছেন।
আগামী ২০২৭ সালের ১৮ই মার্চ মরক্কোর রাবাতে ৭৭তম ফিফা কংগ্রেসে পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ইনফান্তিনো চতুর্থ মেয়াদের জন্য লড়বেন বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ই নভেম্বর।





