পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা এবং প্রশাসনের নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। পায়রা নদীসহ উপজেলার বিভিন্ন নদ-নদীতে এক শ্রেণির অসাধু জেলে প্রতিদিন অবাধে মা ইলিশ শিকার করছেন। সরকারি নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও জেলেরা অত্যাধুনিক ইঞ্জিন সংযোজিত ট্রলার নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর পাংগাশিয়া, আলগী, লেবুখালী ও আংগারিয়া এলাকা এবং মুরাদিয়া, লোহালিয়া ও পাণ্ডব নদ-নদীর বিভিন্ন পয়েন্টে এই অবৈধ কর্মকাণ্ড চলছে। গত রোববার দুপুর ২টার দিকে পাংগাশিয়ার হাজীর হাট ও রাজাগঞ্জ এলাকার মধ্যবর্তী পায়রা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫টি নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের নির্বিঘ্নে জাল ফেলে মাছ শিকার করতে দেখা গেছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তাদের একটি টহল টিম নিয়মিত এলাকাটি পর্যবেক্ষণ করছে। তবে জনবল সংকট এবং মাত্র একটি টহল টিম থাকার কারণে সব এলাকায় একযোগে নজরদারি করা কঠিন হয়ে পড়ছে। তবুও টহল জোরদার করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় ব্যস্ত আছেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল মা ইলিশের এই নির্বিচার নিধন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাংগাশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, এভাবে মা ইলিশ নিধন চলতে থাকলে অচিরেই নদীগুলো ইলিশশূন্য হয়ে পড়বে। স্থানীয়রা মনে করছেন, ইলিশের বংশবিস্তার রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি।
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০: ০০আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ১০: ০৬





