সৌদি আরবের দুটি প্রধান বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ভয়াবহ হামলা চালিয়েছে। দেশটির আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো এই ধারাবাহিক হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬ জন। বুধবার সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতি অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই নির্দিষ্ট হামলায় আরও ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপর এক হামলায় সুদানের এক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সৌদি আরব, বাংলাদেশ ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাগুলো ৬ ও ৭ অক্টোবর সংঘটিত হয়েছে। তবে কোন বিমানবন্দরে ঠিক কোন দিন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা হামলার সুনির্দিষ্ট ধরন সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।





