কয়েক দিনের উত্তেজনা, সহিংসতা ও আতঙ্কের রেশ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেট ও দোকানপাট অন্যান্য দিনের মতোই খোলা দেখা গেছে। সড়কে সাধারণ মানুষের উপস্থিতি ও যানবাহন চলাচল অনেকটা বেড়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোও খুলেছে এবং স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাও নেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে জনজীবনে এই পরিবর্তনের চিত্র লক্ষ্য করা গেছে।
কয়েক দিন আগের সেই থমথমে ও সুনসান পরিবেশ অনেকটাই কেটে গেছে। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বাভাবিক ব্যস্ততা ফিরে এসেছে। তবে নতুন করে কর্মসূচির ঘোষণা ঘিরে মানুষের মধ্যে এখনো কিছুটা আলোচনা ও সতর্কতা রয়েছে। হাজি লাল মিয়া সিটি কলেজের শিক্ষার্থী সোহাগ হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা তাদের স্থগিত হওয়া আইসিটি পরীক্ষা দিতে পেরেছেন।
অন্য আরেক শিক্ষার্থী রহিম বলেন, পরিস্থিতি এখন আগের মতো নেই, সবকিছু স্বাভাবিক। সকালে কোচিং করতে এসে দুপুরে বাসায় ফিরছেন তারা এবং কোনো সমস্যা হবে বলে মনে করছেন না। রিকশাচালক জহির মিয়া জানান, তারা নির্ভয়ে চলাচল করছেন এবং কোথাও কোনো সমস্যা নেই, তবে গোপালগঞ্জ হিসেবে সবার মধ্যে কিছুটা সতর্কতা রয়েছে।
এদিকে ব্যাংক কর্মকর্তা আতিক রহমান জানিয়েছেন, রোববার থেকে ব্যাংকও খুলবে। তিনি বলেন, সকালে বাজার করতে বের হয়েছেন, তবে নতুন কর্মসূচি ঘোষণার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে আলাপ-আলোচনা চলছে। সব মিলিয়ে গোপালগঞ্জের জনজীবনে চাঞ্চল্য ফিরলেও নতুন কর্মসূচির ঘোষণা ঘিরে মানুষের মধ্যে এক ধরনের সতর্ক দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।





