গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে আওয়ামী লীগের মহড়া, সাঁজোয়া যান ভাঙচুর

Published: November 15, 2026, 10:01 am

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত এই মহড়া পরিচালনা করা হয়। এ সময় মিছিলকারীরা নানা ধরনের স্লোগান দেন, যাদের মধ্যে কারও কারও মাথায় হেলমেট পরিহিত ছিল।

ঘটনার দিন সকাল থেকেই গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক শহরের প্রাণকেন্দ্র লংঘাট এলাকায় এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখানে থাকা পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। পরে যানটির পেছনের লুকিং গ্লাস ভাঙচুর করেন এবং লাল রং দিয়ে এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেন। এ সময় একটি পুলিশ বক্সের গ্লাসও ভাঙচুর করা হয়।

বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় শহরের লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকে থাকা মূল নামফলকটি মুছে ফেলে তার ওপরে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin