নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

Published: November 21, 2026, 10:50 am

নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জি এম কাদের বলেন, ‘মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মত-পার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

তিনি আরও উল্লেখ করেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াটাই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। একইসঙ্গে, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির এই চেয়ারম্যান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin