বিদ্যুৎকেন্দ্র এবং ভারী শিল্প খাতে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল ১০৮ টাকা ৭৮ পয়সায় বিক্রি হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। বুধবার রাত ১২টা থেকেই নতুন এই মূল্যহার কার্যকর করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার ক্ষমতাবলে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিভিন্ন তেল বিপণন কোম্পানির পক্ষ থেকে আসা প্রস্তাবনার ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করে। সংশ্লিষ্ট বিষয়ে গণশুনানি ও বিস্তারিত পর্যালোচনার পরই ফার্নেস অয়েলের নতুন এই মূল্যহার চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।





