ফ্রান্সে বসবাসরত প্রায় তিন লাখ কাগজপত্রহীন শ্রমিককে কাজের ভিত্তিতে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব জাতীয় পরিষদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দেশটির সমাজতান্ত্রিক দলের (পিএস) সংসদ সদস্য পল ক্রিস্তফল ‘কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা প্রদানবিষয়ক আইন প্রস্তাব’ শীর্ষক উদ্যোগটি গ্রহণ করেছিলেন। ৩২৫৩ নম্বর প্রস্তাবনাটি গত ১৯ নভেম্বর জাতীয় পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনার জন্য নির্ধারিত ছিল। তবে অন্যান্য ইস্যুতে দীর্ঘ আলোচনার কারণে নির্ধারিত সময় শেষ হয়ে আসায় প্রস্তাবটি তোলা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত সময়ের সীমাবদ্ধতার অজুহাতে উদ্যোক্তা নিজেই তা প্রত্যাহার করে নেন।
প্রস্তাবটি ২০২৬ সালের ৬ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের জাতীয় পরিষদে জমা দেওয়া হয়েছিল, যেখানে পল ক্রিস্তফলের পাশাপাশি আরও বেশ কয়েকজন সংসদ সদস্য সমর্থন জানান। প্রস্তাবের প্রধান শর্ত ছিল—কোনো বিদেশী নাগরিক ফ্রান্সে গত ২৪ মাসের মধ্যে অন্তত ছয় মাস বেতনভিত্তিক পেশাগত কাজে নিয়োজিত থাকার প্রমাণ দিতে পারলে তাঁকে ‘সালারিয়ে’ (কর্মজীবী) ক্যাটাগরিতে বসবাসের অনুমতি দেওয়া হবে। এই কাজের সময় ধারাবাহিক হওয়া বাধ্যতামূলক ছিল না এবং বিভিন্ন উপায়ে কাজের প্রমাণ জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। উদ্যোক্তাদের আনুমানিক হিসাব অনুযায়ী, এটি পাস হলে প্রায় তিন লাখ অভিবাসী বৈধতার সুযোগ পেতেন, যদিও তা কোনো সরকারি পরিসংখ্যান ছিল না।
জাতীয় পরিষদের আইনবিষয়ক কমিশনে প্রাথমিক পর্যালোচনার পর গত ৯ নভেম্বর প্রস্তাবটির একমাত্র অনুচ্ছেদটি তারা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১৯ নভেম্বর সমাজতান্ত্রিক দলের নির্ধারিত সংসদীয় দিনের অংশ হিসেবে পূর্ণাঙ্গ অধিবেশনে এটি তালিকার অন্তর্ভুক্ত হলেও সময় সংকটে আর আলোচনাতেই ওঠেনি। স্পষ্ট করা প্রয়োজন যে, প্রস্তাবটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটিতে পরাজিত হয়নি; আইন কমিশনে প্রত্যাখ্যাত হওয়ার পর মূল আলোচনার আগেই প্রত্যাহার করা হয়। ফলে ৩২৫৩ নম্বর প্রস্তাবটি আইনে পরিণত না হওয়ায় এর ভিত্তিতে আপাতত নতুন কোনো সুযোগ তৈরি হয়নি।
তবে ফ্রান্সে কর্মরত অনিয়মিত বিদেশী শ্রমিকদের জন্য ২০২৪ সালের অভিবাসন আইনের আওতায় ‘মেতিয়ে আঁ তঁসিও’ বা জনবলসংকটপূর্ণ পেশায় বিশেষ আবেদনের ব্যবস্থাটি বর্তমানে চালু আছে। এই নিয়মে আবেদনের জন্য ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ, গত ২৪ মাসের মধ্যে অন্তত ১২ মাস সংকটপূর্ণ পেশায় বেতনের বিনিময়ে কাজের অভিজ্ঞতা এবং আবেদনের সময়ে নির্দিষ্ট তালিকায় থাকা কোনো পেশায় কর্মরত থাকার শর্ত রয়েছে। তবে সব শর্ত পূরণ করলেই বৈধতা নিশ্চিত হয় না, চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট প্রিফেকচারের বিবেচনার ওপর।
বর্তমানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থার মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে এর মেয়াদ শেষ হলেই ফ্রান্সে কাজের সুযোগের ভিত্তিতে বৈধতা পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাবে না। দেশটির প্রচলিত সাধারণ আইনের আওতায় আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি, অবস্থানের মেয়াদ, কাজের অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততা পর্যালোচনা করে বিশেষ রেসিডেন্স পারমিট দেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা সমাজতান্ত্রিক দলের প্রস্তাবের বিরুদ্ধে থাকলেও জনবলসংকটপূর্ণ খাতের শ্রমিকদের বৈধতার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন নির্দেশিকা তৈরি করছে। ফলে নতুন কোনো নির্দেশিকা বা আইন কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীদের বর্তমান আইন ও নিজ নিজ প্রিফেকচারের নিয়মকানুন মেনেই আবেদন করতে হবে।





