ভূঞাপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত

Published: September 22, 2026, 5:45 am

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। অভ্যন্তরীণ জলাভূমিতে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনিই আনুষ্ঠানিকভাবে পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পোনা মাছ অবমুক্ত করার সময় অতিথিরা জলাশয়ে পরিকল্পিতভাবে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin