মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় সব পক্ষকে নমনীয় হওয়ার এবং সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে মিসর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক টেলিফোন আলাপকালে এই আহ্বান জানান মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাদের জাকি এক বিবৃতিতে জানান, দুই মন্ত্রী নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা এবং এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
সংকটের রাজনৈতিক সমাধানে কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী। বদর আবদেলাত্তি সতর্ক করে বলেন, সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তবে তা পুরো অঞ্চল এবং বিশ্বকে গুরুতর রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে।
এদিকে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেছেন। এ তালিকায় কাতার, কুয়েত, ওমান, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন।





