দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

Published: October 19, 2026, 3:30 am

শারদীয় দুর্গাপূজা এবং নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে টানা পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২০ ও ২২ অক্টোবর) পর্যন্ত তিনদিন দুর্গাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংকিং লেনদেন পুরোপুরি বন্ধ থাকবে।

ব্যাংকিং কার্যক্রমের সাথে সরাসরি লেনদেন সম্পৃক্ত থাকায় ব্যাংক ছুটির এই একই সময়ে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেনাবেচা বন্ধ থাকবে। এর আগে ছুটির ঘাটতি সমন্বয় ও লেনদেন স্বাভাবিক রাখতে গত শনিবার সাধারণ কর্মদিবসের মতোই দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেদিন পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা পরিচালিত হয়।

দীর্ঘ এই ছুটির মধ্যেও দেশের বৈদেশিক বাণিজ্য এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বন্দর ও কাস্টমস এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক সেবা চালু রাখার বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার শাখা ও বুথগুলোতে প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখতে হবে। এজন্য ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy