নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Published: October 13, 2026, 12:15 pm

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠী বিদেশের মাটিতে ড. ইউনূসকে হেনস্তা করেছে বলে প্রতীয়মান হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তির সঙ্গে এই ধরনের আচরণকে অনভিপ্রেত ও নিন্দনীয় হিসেবে অভিহিত করেছে সরকার।

ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দ্রুত যোগাযোগের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি, যারা এই হয়রানির সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনা বিশ্বদরবারে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin