মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযানের সময় নিজের শেষ সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম মিল্টন। গত বৃহস্পতিবার ওই বৃদ্ধকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি।
জানা গেছে, সম্প্রতি মিরপুর-১০ এলাকায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে ওই বৃদ্ধের রিকশা মেরামতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ভর্তি একটি ছোট্ট বাক্স নষ্ট হয়ে যায়। এই সামান্য সরঞ্জামগুলোই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। উচ্ছেদের পর নিজের শেষ সম্বলটুকু হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নজরে আসে। এরপর তিনি তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধকে খুঁজে বের করার নির্দেশ দেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উচ্ছেদ মানে কেবল অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া নয়। এর পেছনে থাকা সাধারণ মানুষের কষ্ট ও তাদের জীবিকার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে এবং মানবিকভাবে বিবেচনা করা প্রয়োজন। মানুষের বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোই হলো মানবিকতার সবচেয়ে বড় পরিচয়।





