টানা বৃষ্টিতেও ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ অব্যাহত

Published: November 21, 2026, 3:45 am

টানা কয়েক দিনের বৃষ্টিপাত সত্ত্বেও রাজধানীর বায়ুদূষণের পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়ে গেছে। বায়ুদূষণের কারণে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এমন রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই (AQI) স্কোর ছিল ১৪৪। এই স্কোর নিয়ে মেগাসিটি ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের লাইভ সূচক অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৬৩। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের রাজধানী নয়া দিল্লির স্কোর ২২৯। এছাড়া ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল, ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইরাকের রাজধানী বাগদাদ এবং ১৭৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin