কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম জারু মিয়া (৯০)।
নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে তার বাবা জারু মিয়া বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে দুপুরে নালঘর দক্ষিণ পাড়া পুতার বাড়ি পূর্বপাড়া মসজিদের সামনের পুকুরে আমির হোসেনের জাল ফেললে জারু মিয়ার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের ধারণা, পুকুরঘাটে অজু করার সময় অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে থাকতে পারেন।
শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা জাফর মিয়া জানান, জারু মিয়া এলাকার একজন প্রবীণ ব্যক্তি ছিলেন এবং নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। নিখোঁজ হওয়ার পর দুপুরে জাল ফেলে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ২০: ১১আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ২০: ১৭





