জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দৃশ্যমান: পরিবেশমন্ত্রী

Published: October 15, 2026, 2:18 pm

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মন্তব্য করেছেন যে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কোনো দীর্ঘমেয়াদী ভবিষ্যতের বিষয় নয়, বরং এর ভয়াবহতা ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি জমি ও পানীয় জলের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। বিশেষ করে কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। এছাড়া অতিরিক্ত গরমের কারণে কারখানায় কর্মরত শ্রমিকদের উৎপাদনশীলতাও কমে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক ঝুঁকির কথা তুলে ধরে মন্ত্রী জানান, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হলে তা দেশের রফতানি আয় এবং কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh