অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে রূপান্তর করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং নাগরিকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার বাস্তবসম্মত প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করা হবে। নগরীর বড় খালগুলোর উন্নয়ন, খালের দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ এবং উপযুক্ত স্থানে সাইকেল ট্র্যাক তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি আরও বলেন, খালকেন্দ্রিক উন্নয়নকে শুধু পানি নিষ্কাশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশবান্ধব শহর গড়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, এটি বায়ুদূষণ কমাতে ও নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক হবে।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তিনি বর্ষার আগে নালা ও খাল পরিষ্কারের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। মেয়র আরও জানান, নগরীর ১৩০টি খালের মধ্যে কয়েকটির কাজ শেষ হয়েছে এবং আরও ৪১টি খালের উন্নয়নের প্রকল্প তৈরির কাজ চলছে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন।
সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী জানান, চলমান মেগা প্রকল্প প্রায় শেষের পথে, যা জলাবদ্ধতা কমাতে বড় ভূমিকা রাখবে। তবে প্রকল্পের বাইরে থাকা খালগুলো সংস্কার ও রক্ষণাবেক্ষণের ওপর তিনি জোর দেন। অর্থমন্ত্রী সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রতি মাসে কাজের অগ্রগতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন, যাতে প্রকল্পের অর্থের অপচয় রোধ করা যায় এবং কাজের গতি বাড়ানো সম্ভব হয়।





