সিকিম সীমান্তে চীনের দিক থেকে আসা বিমান ২৫ মিনিট চক্কর দিল

Published: November 15, 2026, 7:39 am

সিকিমের ভারত-চীন সীমান্তে একটি অজানা বিমানের অনুপ্রবেশ ও গতিবিধি ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে। গত ১২ নভেম্বর সকাল ৮টা নাগাদ চীনের দিক থেকে বিমানটি সিকিম সীমান্তের দিকে উড়ে আসে। ২৫ হাজার ফুট উঁচুতে থাকা বিমানটির উপস্থিতি ভারতীয় বিমানবাহিনীর রেডারে ধরা পড়ার পরই তোলপাড় শুরু হয়। ভারতের আকাশসীমায় ঢোকার পর বিমানটি অন্তত ২০ থেকে ২৫ মিনিট ধরে ওই এলাকায় চক্কর কাটতে থাকে।

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বিমানটিকে অবিলম্বে ভারতের আকাশসীমা ত্যাগ করার নির্দেশ দিয়ে একাধিকবার রেডিয়ো বার্তা পাঠানো হয়। তবে বারবার সতর্ক করার পরেও বিমানটি তাৎক্ষণিকভাবে সরে যায়নি এবং প্রায় ২০ মিনিট ধরে চক্কর কাটতে থাকে। বিমানটির মালিকানা কাদের ছিল কিংবা কী উদ্দেশ্যে তা সীমান্ত এলাকায় চলে এসেছিল, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার বিষয়ে ভারতীয় বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সেনা সূত্রের বরাতে জানা গেছে, যে স্থানে বিমানটির গতিবিধি শনাক্ত হয়েছে, সেখান থেকে কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের ওপর সরাসরি নজরদারি চালানো সম্ভব। এই করিডোরটির মাধ্যমেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের যোগাযোগ বজায় থাকে। ফলে বিষয়টি কেবল আকাশসীমা লঙ্ঘনের সাধারণ ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই সীমান্ত রহস্য উন্মোচনে সামরিক কর্মকর্তারা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh