রাজধানীর বারিধারায় চলন্ত বাসে দুর্বৃত্তদের আগুন

Published: November 7, 2026, 2:30 am

রাজধানীর বারিধারা এলাকার প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার পরপরই খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, বাসটি ঘোরানোর সময় কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় বাসটি সরিয়ে নেয়। তিনি আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও তার সহকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy