লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়ায় পাখির কলতানে মুখর বিকেল

Published: October 23, 2026, 8:22 am

সারা দিনের কর্মব্যস্ততা শেষে যখন গোধূলি নামে, তখন লক্ষ্মীপুরের সরকারি অফিসপাড়া মুখরিত হয়ে ওঠে হাজারো পাখির কিচিরমিচির শব্দে। ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের ঝুমুর এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজকোর্ট, পুলিশ সুপারের কার্যালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আশপাশের গাছগুলোতে প্রতিদিন বিকেলে ঝাঁকে ঝাঁকে পাখির আগমন ঘটে। শুধু গাছের ডালে নয়, বিদ্যুতের খুঁটি ও নানা স্থাপনায়ও দেখা যায় পাখিদের বিচরণ। এই দৃশ্যটি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের জন্য এক প্রশান্তিদায়ক অভিজ্ঞতার সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে এই এলাকা দিয়ে হাঁটার সময় হাজার হাজার পাখির উপস্থিতি এক ভিন্নমাত্রার প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। বিশেষ করে শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের কলকাকলিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যার আগে পাখিদের এই কিচিরমিচির শব্দ চলে এবং অন্ধকার নামলে এলাকাটি নিরিবিলি হয়ে যায়।

পাখিদের এই নিরাপদ বিচরণ নিশ্চিত করতে ও প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতরের গাছগুলোতে শতাধিক পাখির বাসা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এই বাসার সংখ্যা আরও বাড়ানো হবে এবং শহরের অন্যান্য যেসব স্থানে পাখিরা আশ্রয় নেয়, সেখানেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পাখিদের বাসস্থান সংকটের কারণে তারা গাছের ডালে রাত কাটায়। প্রকৃতি ও পাখি সংরক্ষণের অংশ হিসেবে জেলা প্রশাসকের উদ্যোগে এই বাসাগুলো ঝোলানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পাখিরা নিরাপদ বাসস্থানের সুযোগ পাবে এবং আমরা যদি সবাই সচেতন হয়ে এগিয়ে আসি, তবেই প্রকৃতি সংরক্ষিত থাকবে। প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানাচ্ছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh