বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিমানের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের এই বিমানগুলো বাংলাদেশের এভিয়েশন খাতকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিমানমন্ত্রী বলেন, কেবল আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনের সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়। বিমানের ভবিষ্যৎ নির্ভর করছে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা এবং দায়িত্ববোধের ওপর। তিনি নিরাপত্তা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিমানকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করতে হবে, যা দেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের উৎস হয়ে থাকবে।
চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার, বিমান ও এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





